তুমি দূর থেকে আর-ও দূরে সরে যাও
সরে যায় তোমার অবয়ব, আলোর শরীর
আমি দেখি না,
দেখি দীর্ঘ ছায়া।
অসংখ্য ছায়ায় সাজানো জীবনের গল্প।
সংখ্যার পর সংখ্যা বসাই
যোগ আর বিয়োগের অঙ্ক কষে যাই
সারাটা সময় ধরে-------
হেরে যাই শেষ পর্যন্ত নিজের সীমাবদ্ধতাের কাছে।
পেরোতে চাই
আমি ভাঙতে চাই এই বৃত্ত,
কিন্তু পারি না।
আমি মুখোমুখি হয়েছি নিজের।
বারবার বিয়োগ করেছি নিজেকে।
হয়তো কোন শূন্য দৃশ্যে
একঝলক আনন্দে
দীপ্ত হয়েছি বিদ্যুৎ চমকের মত এক মুহূর্তে,
আবার মুছে গেছি অন্ধকারে।
স্বপ্ন ও শিশিরের মতো
জীবন খুবই নাজুক।
ভেঙ্গে পড়ে সব চাওয়া পাওয়া যেকোন মুহূর্তে।
একটা জানালা এক ঝলক হাওয়া
একটুকরো আকাশ
এক মুহূর্তের হাসি,
এক ফালি নীরবতা
এক চিলতে আলো
তুচ্ছ যা কিছু সবই
সবই ভীষণ অর্থবহ।