প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:১৫ পি.এম
আকাশ কাঁদে/ সাঈদা আজিজ চৌধুরী
বানভাসি মানুষের ব্যথায় কাঁদে আকাশ
প্রলয় হাঁকে পাহাড় ধসে কান্নার ঢল সীমান্তে
নিয়তির অমোঘ দেয়ালে মাথা ঠুকে অজস্র মানুষ
ধেয়ে আসে রাজধানীর পাথর-বেদীতে দীর্ঘনিঃশ্বাস।
দ্রুতগামী ট্রেনের কঠিন ইস্পাতে জীবনের চাকা
বেদনার করুণ সন্তাপে শিশুর জলমগ্ন কোমল শরীর
খুঁজে ফেরে আশ্রয় ভাষাহীন চোখে অবিশ্রান্ত প্রহর
অতৃপ্ত শ্রাবণের ধারা আকাশের নীল পড়েছে ঢাকা।
বান ডেকেছে সুরমা তিস্তা গোমতী তিতাস খোয়াই
কৃষক পিতার সোনালি স্বপ্ন হাওরজলে ভাসাই
অকূল পাথার অশান্ত ঢেউ ভাসছে বাড়ি-ঘর
স্বপ্ন-ভাঙা বধূর ভেজা শরীরে উথলে পড়ে আত্রাই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত