দুনিয়া দুনিয়া করে সবাই ছুটছি দিবারাত্রি
একদিন তো সবাই হবো কবর পথের যাত্রী।
হালাল হারাম বুঝে না বুঝে নিচ্ছি মুঠোয় তুলে
কড়ায় গন্ডায় হিসাব হবে সব গিয়েছি ভুলে।
কার হক কে মারলাম তার কোনো খবর নাই,
এ সব ভেবে সময় নষ্ট করতে নাহি চাই।
আখেরাতের বাজার করতে এলাম দুনিয়ায়,
এই কথা শয়তান ভুলিয়ে রাখলো যে আমায়।
স্ত্রী সন্তান বাড়ি গাড়ি মালের মায়ায় পড়ে
মিথ্যে মোহে পরকালকে দিলাম ধ্বংস করে।
হঠাৎ করে সামনে যেদিন আসবে যমদূত,
এক নিমিষেই পালিয়ে যাবে মাথায় থাকা ভুত।
সেদিন কি আর আসবে কেহ সফর সঙ্গী হতে?
একা একাই যেতে হবে শেষ ঠিকানার পথে।
যাদের জন্য এতো কিছু কোথায় গেলো তারা!
মন বলবে হায়রে আমি হলাম সর্বহারা।