
আশ্রমে রেখে এলো বৃদ্ধ বাবাকে,
মা এখনো বৃদ্ধা হয়নি—
বৌমার সাথে টুকিটাকি
ঘরের কাজ করতে পারে বলেই।
বাবা বৃদ্ধ হলেও কমেনি
তার খিটখিটে মেজাজ,
বরং দিনদিন বেড়েই চলেছে
বকবকানি—
ওহ্, আহ্, প্যানপ্যানানি—
আর ভালো লাগে না!
সন্তান বড়ই নিষ্ঠুর, অকৃতজ্ঞ—
নিমিষেই ভুলে যায়
বাবার সারাজীবনের ত্যাগ,
হাড়ভাঙা পরিশ্রম,
ঘামে ভিজে যাওয়া
পাঞ্জাবি, শার্ট কিংবা গেঞ্জিটার কথা।
আমরা তো বাবাদের মতো
এতটা ঘামি না—
ঘামলেও
জামা-কাপড় এভাবে ভিজে না।
কারণ—
আমাদের বাড়িতে এসি,
গাড়িতে এসি,
অফিসেও এসি।
এসি রুমে বসে
এক হাতে টিভির রিমোট,
অন্য হাতে কফির মগ—
চুমুকে চুমুকে তৃপ্তি।
এখানে স্বামী-স্ত্রীর মাঝে
বৃদ্ধ বাবা-মায়ের উপস্থিতি
বড়ই বেমানান।
যে দুটি হাত ধরে
শিখিয়েছিল প্রথম হাঁটা,
যে মুখে শুনেছিলো
মায়ের শেখানো প্রথম বুলি—
চামড়ায় ভাঁজ পড়া
সেই দুটি মানুষ আজ
সন্তানের কাছে
বড়ই বোঝা, অবাঞ্ছিত উপেক্ষিত।
এখানে রক্তের সম্পর্কও
হার মানে
আধুনিক সুখ-বিলাসে।
নাজীর হুসাইন খান
৭৩ মোল্লারটেক, উদয়ন স্কুল রোড পানির পাম্প,
দক্ষিণখান, ঢাকা ১২৩০।
Like this:
Like Loading...
Related