
কেউ জানে না /রেজাউদ্দিন স্টালিন
বন্ধু হবো-বন্ধু হলো স্বর্ণঈগল
ঈগল হলে আকাশ দেবে গাছের ছায়া
আকাশগাছে সূর্য ধরে,
সূর্য পেড়ে রাত্রি খাবে কমলালেবু
ক্ষুধার্ত চাঁদ এদিক ওদিক ঘুরতে থাকে মেঘবাগানে।
ফলজ কোনো বৃক্ষতো নেই
কেবল ধুধু মাটির টানে,
ভাটার টানে ভিড়বো কোথায় কোন অসীমে
বন্ধু হলে দিগন্তে এক রংধনু হয়
উড়বো তখন ফিনিক্স পাখি।এলিয়নদের ডাকবো কাছে
আসবে সসার ফুটবে তারা,
বন্ধু হবো সাইবর সেই ভিন্ন গ্রহে
ফিরবো কবে পৃথিবীতে কেউ জানে না
এমনকি ঐ বন্ধুও না,
কোন সন্ধ্যায় দেখা হবে
তীব্র চোখের উপত্যকায়
কেউ জানে না।