
আমি তোমার হেঁটে যাওয়ার রাস্তা
বাঁক নেওয়া এক
অন্য রাস্তার দেহ…
চাইলে তুমি আসতে পার একা
শর্তবিহীন ধূসর ধুলো ছুঁতে
না-হয় যদি হৃদয়ে সন্দেহ…
ডিলিট বাটন হাতেই থাকে সবার
মুছতে চাইলে মুহূর্তে সব শেষ…
কার কী হল — কেউ ভাবে না অত
ইচ্ছে হলে হোক না নিরুদ্দেশ!
রাস্তা কিন্তু নিয়মখানি কঠিন
নামলে তোমায় ছুঁতেই হবে অন্ত!
রাস্তা আসলে মস্ত গোঁয়ার প্রেমিক
বাজি রাখে জীবন যেমন
তেমন রাখে মরণও পর্যন্ত!