
আমার ইচ্ছের বালুচরে
আজকাল আর পড়ে না পায়ের ছাপ
তাইতো সেখানে এখন জন্মায় অবুঝ ঘাস
যেন পরিত্যক্ত কোন স্বপ্নের জীবাশ্মের আবাস।
বিবাগী এই মনটা বলে
ডানাহীন পাখিরও একদিন আকাশ হয়
আমি উড়তে জানি না বলে মানুষ হয়ে রইলাম
তবুও কবিতার ভেতর গোপনে পালক গজায়।
এখন আর আলোর কাছে নয়
অন্ধকারের কাছেই শিখি আলোর ব্যাকরণ
যে নাম এতদিন গোপনে বয়ে বেড়িয়েছি
তাও একদিন নামিয়ে রাখবো নদীর ধারে
সময়ের তাণ্ডবে শতজীর্ণ পোশাকের মতো।
তারপর ….
ভুল, শুদ্ধ, প্রেম কিংবা জয়-পরাজয়
সব শব্দের শরীর ছেড়ে আমি ভেসে যাবো
শূন্যতা যেখানে
নিজের প্রতিধ্বনি শুনেও চমকে ওঠে।
অচেনা সেই নীলিমায় হয়তো আমাকে কেউ
কবি বলে ডাকবে না
আমি হবো কেবলই একটি অসমাপ্ত নীরবতা
যার কোন শুরু কিংবা শেষ বলে কিছু নেই….