
হাসান মাহমুদ, ঢাকা
রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধের সি-ব্লকে নাগরিক সেবার মানোন্নয়ন ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গভীর নলকূপ স্থাপন এবং সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে বাউনিয়াবাঁধের সি-ব্লকের পানি সরবরাহব্যবস্থায় সক্ষমতা বাড়বে। একই সঙ্গে সড়ক নির্মাণের ফলে এলাকার অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা আরও সহজ ও কার্যকর হবে। ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচল এবং নাগরিক সেবা প্রাপ্তিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে আমিনুল হক জানান, আগামী পাঁচ বছরে পল্লবী ও রূপনগর এলাকার নাগরিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে কাজ করা হবে। পানি সরবরাহের পাশাপাশি এলাকার সামগ্রিক নাগরিক সুবিধা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই উদ্যোগকে এলাকার নাগরিক অবকাঠামো উন্নয়নের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী। গভীর নলকূপ ও সড়ক নির্মাণ সম্পন্ন হলে সি-ব্লকের বাসিন্দারা সরাসরি এর সুফল পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে পল্লবী থানা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, উন্নয়নকাজগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে বাউনিয়াবাঁধের সি-ব্লকে পানি সরবরাহ ও যোগাযোগব্যবস্থার আরও উন্নতি হবে এবং নাগরিক জীবনযাত্রায় স্বস্তি বাড়বে।