
মোঃ নাহিন খান, ঢাকা।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে রনজিনা পারভীন (৫৫) নামে এক নারী স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত রনজিনা বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন তিনি।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছামাত্র একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা রিকশার পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন রনজিনা পারভীন। এ সময় তার মাথা ফেটে যায়।
পরবর্তীতে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত শিক্ষিকার গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলায়। তিনি গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। রনজিনা পারভীনের চাচাতো ভাই নাসের সরকার জানান, বেশ কিছুদিন ধরেই রনজিনা আপা চোখের সমস্যায় ভুগছিলেন। স্থানীয়ভাবে চিকিৎসাও নিয়েছিলেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় আসেন চিকিৎসার জন্য।
তিনি আরও জানান, আপা স্কুল থেকে ছুটি নেননি। শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। পরিকল্পনা ছিল, শনিবার ভোরে ঢাকায় পৌঁছে চিকিৎসক দেখিয়ে একই দিন রাতে ফিরে যাবেন। রোববার আবার স্কুলে যাবেন। স্কুলের ব্যাপারে তিনি খুবই সতর্ক থাকতেন। খুব প্রয়োজন ছাড়া কখনো ছুটি নিতেন না। অথচ আজ এমন নির্মম পরিস্থিতির মুখে এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন তিনি।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, রনজিনা পারভীনের স্বামী আব্দুল মতিন গাবতলী উপজেলাতেই ব্যবসা করেন। তার একটি দোকান রয়েছে। তাদের একমাত্র মেয়ে নবম শ্রেণিতে পড়ে।
রনজিনার ফুফাতো ভাই পারভেজ আহমেদ জানান, স্বামী ও মেয়েকে নিয়ে তাদের গোছানো সংসার ছিল। চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইয়ের শিকার হয়ে তাকে প্রাণ হারাতে হলো।
এ ঘটনার পর বিমর্ষ হয়ে পড়েন রনজিনার স্বামী আব্দুল মতিন। তিনি আরও জানান, দুলাভাইয়ের চোখের সামনেই এ ঘটনা ঘটে। তৎক্ষণাৎ তিনি আপাকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে যান। তখনো আপা জীবিত ছিলেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু ঢামেক হাসপাতালে নেওয়ার আগেই সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান।
ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত দুই ছিনতাইকারীকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন আব্দুল মতিন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।”