
হাসান মাহমুদ
বাংলাদেশে টেকসই নগরায়ন নিশ্চিত করতে সমন্বিত ভৌত পরিকল্পনা, কার্যকর ভূমি ব্যবহার ব্যবস্থাপনা এবং তথ্যনির্ভর ট্রান্সপোর্ট মডেলিংয়ের ওপর গুরুত্বারোপ করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবহন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, দ্রুত নগরায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ছাড়া বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তোলা সম্ভব নয়।
শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পুস্ট) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশে নগরায়নের প্রবণতা, পুনর্বিন্যাস ও পরিবহন মডেলিংয়ের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক সায়মুন্নাহার রিতু।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে দ্রুত নগরায়ন হলেও তা পরিকল্পিত ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে পরিচালিত হয়নি। এর ফলে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, কৃষিজমি ও জলাভূমি হ্রাস, উন্মুক্ত স্থান সংকট এবং নাগরিক সেবার ওপর চাপ ক্রমেই বাড়ছে।
তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ভৌত পরিকল্পনা প্রণয়ন, আধুনিক নগর ও গ্রাম পরিকল্পনা আইন প্রণয়ন, নগর ও গ্রাম পরিকল্পনা অধিদপ্তর প্রতিষ্ঠা, জাতীয় ভৌত পরিকল্পনা কাউন্সিল গঠন এবং স্থানীয় সরকার পর্যায়ে ভূমি ব্যবহার পরিকল্পনা ও জোনিং কার্যকরভাবে বাস্তবায়ন জরুরি।
অপর প্রবন্ধে বাংলাদেশের ট্রান্সপোর্ট প্ল্যানিং বিশেষজ্ঞ সৈয়দ মোহাম্মদ ওয়ালিউল্লাহ বলেন, নগর পরিবহন ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নে তথ্যভিত্তিক ট্রান্সপোর্ট মডেলিং অপরিহার্য। জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের চাপ এবং ভবিষ্যৎ অবকাঠামোর চাহিদা বিবেচনায় বৈজ্ঞানিক মডেলিংয়ের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করলে যানজট কমানো, বিনিয়োগের কার্যকারিতা বৃদ্ধি এবং টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
আলোচনা পর্বে বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে নগরায়নকে সমন্বিত উন্নয়ন কৌশলের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। একই সঙ্গে জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষ পরিকল্পনাবিদদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি কার্যকর আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নগরায়ন, ভূমি ব্যবহার, পরিবহন পরিকল্পনা ও স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং পরিকল্পিত নগরায়নের মাধ্যমে বাসযোগ্য, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।